আমার কলেজের সহপাঠী বিশ্বনাথ অগ্রবাল। ফেসবুকের দৌলতে ওর সঙ্গে ঘনিষ্ঠতা এখন আমার অন্য মাত্রায় পৌঁছেছে। আমার বয়সী খুব কম মানুষকে আমি এতটা সক্রিয় দেখেছি। ওর post গুলো খুব সহজবোধ্য এবং অর্থবহ। চুটকি, মজা সব কিছুই আছে। কিন্ত বয়সপোযোগী, সস্তার কোন গল্প নেই। ফেসবুকে আরও অনেকের অতিসক্রিওতাও চোখে পড়েছে। তবে অন্য জাতের। সেগুলোতে "আমিও আছি" - এই ঘোষণার গন্ধ পাওয়া যায়।
আমি আর বিশু এক সময়ের সহকর্মীও বটে, হায়দ্রাবাদের ECIL-এ। আমাদের overlap মাত্র চার মাসের। পদমর্যাদায় ও আমার থেকে তিন বছর এগিয়ে ছিল, বলতে বাধা নেই, যোগ্যতাবলেই। ও এমন একজন মানুষ যে মতান্তর থাকলেও ব্যক্তিগত সম্পর্কে ময়লা লাগে না।
সম্প্রতি পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ন'লাইনের একটা আধুনিক কবিতা post করেছিল। পঁয়ত্রিশ বছর বয়স পার হবার পরে রবীন্দ্রনাথের ছোটগল্প পড়ে সাহিত্যের প্রতি আকর্ষণ জন্মায়। এরপর বিখ্যাত বৈজ্ঞানিকদের লেখা এবং তাঁদের নিয়ে লেখা বইগুলো পড়ে, সহজ ভাষায় মৌলিক বিজ্ঞানের রহস্য জেনে এতটাই মুগ্ধ হই, যে পরবর্তীকালে মৌলিক বিজ্ঞানকে কেন্দ্র করে বেশ কিছু প্রবন্ধ বাংলায় রচনা করি, যাতে সাধারণ মানুষের কাছে মৌলিক বিজ্ঞানের ফসল পৌঁছে দেওয়া যায়।
আধুনিক কবিতা ব্যাপারটা একদম বুঝতাম না। আজও অনেক কিছুই বুঝি না। তবে বহুদিন আগে 'দেশ' পত্রিকায় বাংলাদেশ বিতাড়িত ডাক্তার, কবি এবং একই সঙ্গে সাহিত্যিক, বিতর্কিত ব্যক্তিত্ব, তসলিমা নাসরিনের একটা আধুনিক কবিতা পড়ে শিহরিত হই। স্বদেশের প্রতি হৃদয়ের ব্যাকুলতার দুর্বিষহ প্রকাশ ধরা পড়েছিল সেই কবিতার ছত্রে ছত্রে। এরপর জয় গোস্বামী আর শ্রীজাতর লেখা দু'চারটে কবিতা পড়েছি। আসলে ছন্ধবদ্ধ সুরেলা কবিতা পড়তেই আমি অভ্যস্ত।
যাইহোক, বিশ্বনাথের পাঠানো ইংরেজিতে লেখা ন-লাইনের অর্থবহ এই কবিতাটা পড়ে মনে হ'ল আধুনিক কবিতা সম্বন্ধে ভাসাভাসা যেটুকু বুঝতে পেরেছি, সেটুকু ভরসা করে এই কবিতাটার একটা বাঙলা তর্জমা করে বোধহয় আধুনিক কবিতার আঙ্গিকে রূপ দেওয়া যায়। হয়তো ব্যর্থ প্রচেষ্টা। পাঠকরা বিচার করবেন।
Water
Grandfather saw it in the River
Father saw it in the Well
We saw in the Tap
Our children see it in Bottle
Where will our Grandchildren
see it ?
In CAPSULE
If we still neglect
It will be seen only in Tears.
______________
জল
ঠাকুর্দা দেখেছিলেন নদীতে,
বাবা দেখলেন নলকূপে কিম্বা পাতকূয়োতে,
আমরা দেখছি কলে,
আমাদের সন্তানরা দেখছে বোতলে,
আমাদের নাতিপুতিরা কোথায় দেখবে এটা ?
হয়তো ছোট্ট একটা ক্যাপসুলে ।
আমরা কি এখনও অবহেলা করব ?
তাহলে এর পরিণতি হবে কয়েক বিন্দু অশ্রুতে।
No comments:
Post a Comment