Saturday, August 17, 2024

ডাক্তারবাবুরা একটু ভাবুন !

 দুটি ভুল কখনও একই  সঙ্গে সঠিকের দিশা দেখাতে পারেনা।

Two wrongs can never make a right

_________

পশ্চিমবঙ্গ এবং ভারত জুড়ে ডাক্তারবাবুরা, এমনকি ভূভারতের তথা সারা বিশ্বের মানুষজন জানেন যে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন তরুণী ডাক্তারের উপর পাশবিক এবং নৃশংস অত্যাচারের ফলে মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনার  প্রতিবাদে ডাক্তারবাবুরা গত ১২ আগস্ট  থেকে অনির্দিষ্টকালের জন্য "ডাক্তারদের ধর্মঘট" শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। 

আমরা সকলেই এই মর্মান্তিক ঘটনায় ক্ষুব্ধ এবং চিকিৎসক সম্প্রদায়ের ক্ষুব্ধ সদস্যদের দ্বারা করা দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের আহ্বানকে সমর্থন করি। এই মর্মান্তিক ঘটনা যে স্বাস্থ্য দফতরের বিরাট ব্যর্থতার প্রতিফলন তা নিয়ে কারও কোনও সংশয় থাকার কথা নয়।

দুর্ভাগ্যবশত, ডাক্তারদের এই ব্যাপক ধর্মঘটের ডাক যে জনমানসে বিপুল প্রভাব ফেলেছে যা নিয়মিত হাসপাতালের পরিষেবাগুলিকে সর্বক্ষণ ব্যাহত করে চলেছে এবং অসহায় রোগীদের আরও অসহায় করে তুলেছে, স্বাস্থ্য আধিকারিকদের নয়, যাঁরা একজন তরুণ ডাক্তারের মর্মান্তিক হত্যার জন্য দায়ী।

"ডাক্তারদের ধর্মঘট" অসহায় রোগীদের বেদনা, আঘাত এবং মৃত্যু ঘটাবে, প্রাথমিকভাবে প্রান্তিক মানুষজনের যাঁরা বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা নিতে অক্ষম।

সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বারবার ঘোষণা করেছে যে রোগীদের বঞ্চিত রেখে "ধর্মঘট" করার কোনও আইনি বা নৈতিক অধিকার ডাক্তারদের থাকতে পারে না। "ডাক্তারদের ধর্মঘট" অসাংবিধানিক-ও কারণ এটি মানুষের "মৌলিক অধিকার" লঙ্ঘন করে যা সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে সকল নাগরিকের জন্য নিশ্চিত করা হয়েছে।

ডাক্তাররা অনির্দিষ্টকালের "ধর্মঘট" চালিয়ে যাচ্ছেন এবং তাদের নিহত সহকর্মীর জন্য ন্যায়বিচারের লক্ষ্য নিয়ে হাসপাতাল পরিষেবাকে প্রায় নিশ্চল করে দিচ্ছেন সেটা একাধিক কারণে বিপথগামী।

দুটি ভুল কখনোও একই সঙ্গে সঠিক হতে পারে না, Two wrongs can never make a right. শুধুমাত্র অসহায় রোগীদেরই এর  মূল্য চোকাতে হবে, এমনকি তাঁদের কারও না কারোর জীবনের বিনিময়ে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা পরিষেবাগুলি ইতিমধ্যেই যথেষ্ট খারাপ অবস্থায় রয়েছে।

চিকিৎসা ব্যবস্থায় অবহেলার ঘটনাগুলো আজকাল প্রায়ই দেখা যাচ্ছে। কলকাতার একটি সুপ্রাচীন এবং প্রধান সরকারি হাসপাতালের ভিতরে একজন ডাক্তারকে জঘন্য হত্যার ঘটনা স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার প্রশাসনের অকথ্য অবস্থা দেখিয়ে দিল।

ডাক্তারবাবুদের কাছে আবেদন রইল যে আন্দোলন এবং রোগী পরিষেবা তো এক সঙ্গেই চলতে পারে ! দু'টো ব্যাপারের মধ্যে কোনও বিরোধ আছে বলে তো মনে হয় না। ডাক্তারবাবুদের কাছে প্রান্তিক রোগীদের স্বার্থের কথা মাথায় রেখে একটু ভেবে দেখার জন্য আন্তরিক অনুরোধ রইল। 




Friday, August 16, 2024

আর জি কর

মা রিমঝিম,

 আজকের আনন্দবাজার (আমি e-paper-এর কথা বলছি, http:/paper.abp.in) পড়ে জানলাম যে আর জি কর কান্ডে ডাক দেওয়া তোমার আবেদন, রাজ্যের, এমনকি দেশের সীমারেখা ছাড়িয়ে সাত সমুদ্র তেরো নদীর ওপারে আছড়ে পড়েছে। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া দিল্লি, মুম্বই, পুণে, পাটনা, ঝাড়খণ্ড...ছাড়াও আমেরিকার বস্টন, আটলান্টা, সানফ্রানসিসকো বে এরিয়ার ডাবলিন, ইউরোপের ক্রাকোভ, এডিনবরা, ..... এইসব জায়গার ডাক্তার ছাত্র-ছাত্রীরা এবং পেশাদার ডাক্তাররা এই ঘটনাকে ধিক্কার জানিয়েছে।

এতটা ব্যাপ্তি পাওয়ার কারণ যেটা আমার মনে হয়েছে তা হ'ল তোমার আবেদনের কন্ঠস্বরে কোথায় একটা অখন্ডনীয় যুক্তির স্বচ্ছতা ছিল, ছিল আবেগহীন সত্যের দৃঢ়তা। সেটা যে কোনও সিরিয়াস মানুষের পক্ষেই উপেক্ষা করার উপায় ছিল না। তোমাকে আবার কুর্ণিশ জানাই। আরও একটা কথা বলতে ইচ্ছে করছে সেটাও ব্যক্ত করছি। টেলিভিশনের পর্দার আলোচনায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের চিৎকার শুনে মনে হচ্ছে তাঁদের বেশ কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। খবরে থাকাটাই তাঁদের কাজ। উষ্মার তেজ তাঁদের এতটাই উচ্চগ্রামে যে মা দুর্গার অষ্টমী পুজোর ১০৮ টি প্রদীপের স্বল্প কিছু প্রদীপের মতো; যত না আলো দিচ্ছে তার দ্বিগুণ কালি উগরোচ্ছে। আবার ডঃ শান্তনু সেনের মতো তৃণমূল সমর্থক এবং প্রাক্তন সাংসদ, দলের মুখপাত্র পদ থেকে বাদ পড়া সত্বেও দলে থেকেই আর জি করের সদ্য ছুটিতে যাওয়া ডাক্তার সন্দীপ ঘোষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবার সুপারিশ করছেন। হ্যাঁ অবশ্যই ডঃ সেনের কন্যা ঐ কলেজেরই ছাত্রী এবং উনি ঐ কলেজের প্রাক্তনী। তিনি পিতার দায়িত্ব পালন তো করেছেনই, এছাড়াও দলের সুপ্রিমোর রোষানলের তোয়াক্কা না করে ওই দলে থেকেই যথাযোগ্য রাজধর্ম পালন করেছেন।  ডঃ সেন, আপনাকে নমস্কার জানাই।  কারণ দল ছেড়ে যাওয়াটা কোনও কাজের কাজ নয়। It has been proved again and again that it is like from frying pan to fire.