Sunday, July 3, 2022

রো বনাম ওয়েড মামলা

আমেরিকা কি তালিবানি মৌলবাদের পথ অনুসরণ করতে দৃঢ়প্রতিজ্ঞ ?

-----------

সম্প্রতি মার্কিন মুলুকের সর্বোচ্চ আদালত ১৯৭৩ সালের একটি রায়কে বাতিল করে, নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকারকে খর্ব করেছে। মার্কিন সুপ্রীম কোর্ট ধর্মের এবং নৈতিকতার দোহাই দিয়ে ১৯৭৩ সালের রায়কে বাতিল করেছে। সুপ্রীম কোর্টের নিদান যে এটা অধার্মিক, কারণ এর ফলে একটি ভ্রূণ হত্যা করা হচ্ছে; কাজেই অনৈতিকও বটে এবং এক্ষেত্রে নারীদের নৈতিকতার বোঝা বহন করা অবশ্য কর্তব্য। 

১৯৭৩ সালের ঐতিহাসিক জেন রো বনাম হেনরি ওয়েডের মামলায় সর্বোচ্চ আদালতের নয়জন বিচারপতির মধ্যে মাত্র দু'জন গর্ভপাতের অধিকারের বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন।  সংখ্যাগরিষ্ঠ সাতজন, যাঁরা গর্ভপাতের সমর্থনে নারীর মৌলিক অধিকার খর্ব করার যুক্তিটি খাড়া করেন, সেটি গুরুত্ব পায় না। তাঁদের যুক্তি ছিল গণতন্ত্রে মৌলিক অধিকারই সবার আগে বিবেচ্য। সংখ্যাগরিষ্ঠের যুক্তি যেখানে ধোপে টিকল না, সেখানে মনে হচ্ছে এখন থেকে ধর্মের দোহাই দিয়ে গণতান্ত্রিক অধিকার বিচার করা হবে আমেরিকায়। তাহলে এখন থেকে আমেরিকা কি তালিবানি মৌলবাদের পথেই হাঁটতে বদ্ধপরিকর !

এই রায়ের পরিণামে মহিলারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন দু'ভাবে । প্রথমত, জোর-জবরদস্তি বা গর্ভধারণে অনিচ্ছুক নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে বিপুলভাবে প্রভাবিত করবে। দ্বিতীয়ত সঙ্কটে পড়বেন দরিদ্র নারীরা। জীবনজীবিকার তাগিদে তাঁদের ঘরে-বাইরে কাজ করতে হয়। গর্ভপাতের অধিকার কেড়ে নিলে তাঁরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এই একটি রায়ের মধ্যে দিয়ে আমেরিকা সত্যিই পঞ্চাশ বছর পিছিয়ে গেল।

No comments: