শৈশব হ'ল চুরি
সৃষ্টি যখন উঠে আসে
হৃদয়ের অন্তস্থল থেকে
তখন তা পরিণতি পায়
নানা রঙের কল্পনাতে;
না হলে সে কল্পনা পথ হারায়
মাঝপথের চোরাবালিতে।
আজকের শিশুমন রঙিনের জগৎ থেকে অনেক দূরে
মন আজ তার একরঙা,
বাস্তবের চাপে তার রঙিন জগৎ অনেকটাই ফিকে,
কেড়ে নিয়েছে তার কল্পনার পরিসরটুকুকে,
সে ছুটে বেড়াতে পারেনা কল্পনার গলিঘুঁজিতে,
তাই তো রঙ-বেরঙের আঁচড় উঠে আসে না
তার রঙ মাখা তুলিতে।
আজকের শিশু স্বতঃস্ফূর্ত ভাবে ভাবতে শেখে না
কল্পনার ডানা মেলে উড়তে শেখে না
তাই তো তার নিজস্ব জগৎ তৈরি হতে পারে না।
সে হয়ে উঠেছে এক যন্ত্রমানব,
ভার্চুয়াল জগতের ভার্চুয়াল সমাজে
সে এখন অনেক স্বচ্ছন্দ
ছবি আঁকা, বই পড়া, বিকেলে খেলা
তাই তার বড়ই অপছন্দ।
শিশুমনের শেষ পেরেকটি পুঁতল
অতিমারির আগমন
মোবাইলের যথেচ্ছ ব্যবহার
কেড়ে নিল তার শিশুমন
যেটুকু কল্পনা এই ইঁদুর দৌড়ের মধ্যেও
তার অস্তিত্ব বজায় রেখেছিল
মোবাইল মগ্নতা সেই রেশটুকুও
নির্দয় ভাবে কেড়ে নিল।
ঘাড় নীচু করে সোস্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করাই
আজ তার একমাত্র বিনোদন,
ভার্চুয়াল জগতের হাতছানিতে তাই
সর্বক্ষণ পড়ে থাকে তার দেহমন।

No comments:
Post a Comment